নরসিংদী’র পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা। চারদিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন বুধবার (১০ জুলাই) এটুআই-এর সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পটি ঘুরে দেখার সময় এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী তার সঙ্গে ছিলেন।
এটুআই-এর তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ‘জিটুপি ও পিটুজি পেমেন্ট’চয়েস আর্কিটেকচার’ ও ‘এক-শপ’ সম্পর্কে রানী ম্যাক্সিমা-কে ধারণা দেন তিনি।
এসময় নরসিংদী জেলার নরসিংদী-২ এর সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন, এটুআই-এর ডিজিটাল ফিন্যান্স সার্ভিস ল্যাবের প্রোগ্রাম ম্যানেজার তহুরুল হাসান টুটুল এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় বয়স্ক ভাতা, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি ও ল্যাকটেটিং মাদার কমর্সূচীর আওতায় আর্থিক সহায়তা প্রাপ্ত ৩ জন ভাতাভোগীর সাথে মতবিনিময় করেন রানি ম্যাক্সিমা। এছাড়া তিনি এসকল সেবাপ্রদানকারী ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তাদের সাথে সেবাপ্রদান কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
পরিদর্শন শেষে রানি সাংবাদিকদের বলেন, যখন দরিদ্র নারীরাও অর্থনৈতিক সেবা পেয়ে থাকেন, তখন সেটা সমাজের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার নিয়ে রানি বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার গ্রামের নারীদের সেবা প্রাপ্তিতে অনন্য ভূমিকা পালন করছে। বিশেষত এটি হাতের নাগালে থাকায় সেটি তাদের শিক্ষাসহ বিভিন্ন কাজে লাগছে। দেশের সকল নাগরিকদের ডিজিটাল আর্থিক সেবার আওতায় নিয়ে আসার অংশ হিসেবে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রদত্ত ভাতাসমূহের ডিজিটাল পেমেন্ট বাস্তবায়ন, সরকারি বিভিন্ন সেবার ফি ও বিল ইলেকট্রনিক উপায়ে প্রদানের ব্যবস্থা এবং গ্রামীণ জনগোষ্টীর মধ্যে ই-কমার্স সেবা সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে পরামর্শ প্রদান করেন।
প্রসঙ্গত, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএসএইড এবং ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত এটুআই এর তত্ত্বাবধানে সারা দেশে ৫ হাজারের অধিক ডিজিটাল সেন্টার বাস্তবায়িত হয়েছে। যার মাধ্যমে নাগরিকদের ১৫০ এর অধিক সরকারি-বেসরকারি সেবা প্রদান করা হচ্ছে।